প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট

ক্ষুদে খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিলেন ইউএনও

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রকাশিত: মে ১৪, ২০২৬, ০৪:৩৫ পিএম
ক্ষুদে খেলোয়াড়দের আর্থিক সহায়তা দিলেন ইউএনও

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলায় অংশ নিতে যাওয়া ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ ও আর্থিক সহায়তা প্রদান করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

কুমিল্লা জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিনিধিত্ব করছে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক গ্রুপ)।

বৃহস্পতিবার খেলার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে টিমটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দোয়া নিতে আসে। এ সময় ইউএনও মাহমুদা জাহান শিশু খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের সাফল্যের জন্য দোয়া করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণ ও খেলোয়াড়দের আনুষঙ্গিক খরচের সুবিধার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ইউএনও খেলোয়াড়দের মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর জেলা পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান এবং ৫নং দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান ভূইয়া (রিপন)। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

ক্ষুদে খেলোয়াড়রা প্রশাসনের এমন আন্তরিকতায় উচ্ছ্বাস প্রকাশ করে এবং জেলা পর্যায়ে ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করে।

জেএইচআর