বাগেরহাট শহরের ভৈরব নদীর তীরে অবস্থিত বধ্যভূমির আধুনিকায়ন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন এই সংস্কার ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন।
দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে থাকা ও ভেঙে যাওয়া এই বধ্যভূমিটি নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা পরিষদের অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে এই আধুনিকায়ন কাজ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থানটি যথাযথ মর্যাদা ও সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।
এছাড়াও বিএনপি নেতা এস্কেন্দার হোসেন, কামরুজ্জামান শিমুল, আবুল কালাম আজাদ বুলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনকালে বক্তারা বলেন, বধ্যভূমিটি আধুনিকায়নের ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। দ্রুততম সময়ের মধ্যে এই নির্মাণকাজ শেষ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন