চুয়াডাঙ্গায় টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ১২:২১ এএম
চুয়াডাঙ্গায় টিকটক করার অভিযোগে নারীর মরদেহ দাফনে বাধা

চুয়াডাঙ্গায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরির অভিযোগে এক নারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বিকেলে শহরতলির দৌলতদিয়াড় এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাতে ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী। সেখানে তিনি তার দ্বিতীয় স্বামীর সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকায় তার নিজ বাড়িতে আনা হলে দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

মরদেহ পৌঁছানোর পর এলাকার একদল বাসিন্দা দাফনে আপত্তি তোলেন। তাদের দাবি, ওই নারী দীর্ঘদিন ধরে নাচ-গান ও টিকটক ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিলেন, যা নিয়ে এলাকায় সমালোচনা ছিল। এছাড়া ওই পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন কেউ কেউ। স্থানীয়রা জানান, ওই পরিবার কবরস্থানের সদস্য না হওয়ায় এবং তাদের কর্মকাণ্ড সামাজিক রীতিনীতি পরিপন্থী হওয়ায় তারা সেখানে দাফন করতে দিতে রাজি নন।

দাফনে বাধার শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। ওই নারীর সৎবাবা জানান, এর আগে পরিবারের অন্য সদস্যদের এই কবরস্থানেই দাফন করা হয়েছে। এবার কবর খুঁড়তে বাধা দেওয়ায় তারা নিরুপায় হয়ে পড়েছেন। সাম্প্রতিক পারিবারিক অশান্তির কারণে ওই নারী আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন বলে পরিবারের দাবি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং মরদেহ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর