পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন আন্তর্জাতিক গণমাধ্যমেও বেশ আলোচিত। এই ভাইরাল মহিষটিকে সশরীরে দেখার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি তথা আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা।
নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’র ৭০০ কেজি ওজনের এই গোলাপী রঙের অ্যালবিনো জাতের মহিষটিকে দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন। রাজধানী ঢাকা, সাভার ও বরিশালসহ দেশের বিভিন্ন জেলা থেকে নানা বয়সী দর্শনার্থী, বিশেষ করে নারী ও শিশু-কিশোররা মহিষটিকে একনজর দেখতে ফার্মটিতে আসছেন।
গত ১০ মে সংবাদমাধ্যমে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে প্রথম খবর প্রকাশের পর সেটি দ্রুত দেশজুড়ে ভাইরাল হয়। পরবর্তীতে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমেও এটিকে নিয়ে নানা প্রতিবেদন ও ফটোকার্ড প্রকাশ করা হয়। বিশেষ করে ইরান ও পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ছবির সাথে এই গোলাপী মহিষটির ছবি মিলিয়ে ফটোকার্ড তৈরি করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
দর্শনার্থীরা জানান, মহিষটির চুল ও চোখের গড়ন দেখতে অনেকটা আসল ডোনাল্ড ট্রাম্পের মতোই। ইতোমধ্যে পুরান ঢাকার এক ক্রেতা ৫৫০ টাকা কেজি দরে আলোচিত এই মহিষটি কিনে নিয়েছেন। কোরবানির ঈদের আগে এটিকে রাজধানীতে নিয়ে যাওয়া হবে।
সংবাদমাধ্যমে খবরটি ভাইরাল হওয়ার পর আমেরিকান দূতাবাসের একজন কর্মকর্তা নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগ করে মহিষটিকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
রাবেয়া অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা জানান, এই মহিষটি যে এতটা জনপ্রিয় হবে তা তিনি কল্পনাও করেননি। এর মাধ্যমে বিশ্ববাসী তার ফার্ম ও নারায়ণগঞ্জের নাম জানতে পেরেছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে আমেরিকান দূতাবাস থেকে পজিটিভলি ফার্মটি পরিদর্শনের আগ্রহ দেখানো হয়েছে এবং তারা যেকোনো দিন আসতে পারেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আমেরিকান দূতাবাস থেকে এক কর্মকর্তা তার কাছে ফোন করে ভাইরাল হওয়া মহিষটি রাবেয়া অ্যাগ্রো ফার্মে রয়েছে কি না তা জানতে চেয়েছেন। তারা পুরো বিষয়টিকে বেশ ইতিবাচকভাবে নিয়েছেন এবং মহিষটিকে দেখার আগ্রহ প্রকাশ করেছেন, তবে তাদের আসার সুনির্দিষ্ট তারিখ এখনও নিশ্চিত করা হয়নি।
জেএইআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন