গাইবান্ধায় বিয়ে রেজিস্ট্রিতে জালিয়াতি ও দেনমোহরের পরিমাণ পরিবর্তনের অভিযোগে আলোচিত কাজী মো. আব্দুল গোফ্ফার আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভুয়া কাবিননামা, নথি জালিয়াতি ও প্রতারণার নানা অভিযোগ ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ায় গোফ্ফার কাজীর অফিসে এক দম্পতির বিয়ে সম্পন্ন হয়। সেখানে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছিল। তবে পরে কাবিননামায় দেনমোহরের পরিমাণ দেখানো হয় মাত্র ১ লাখ ১০ হাজার টাকা।
ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘুষের বিনিময়ে গোপনে দেনমোহরের অঙ্ক কমিয়ে প্রতারণা করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি দেখিয়ে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়।
পরে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দায়ের হলে তদন্তে নামে গাইবান্ধা সদর থানা পুলিশ। তদন্ত শেষে গত ১৪ মে গোফ্ফার কাজী ও বরের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অভিযুক্ত কাজীকে গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গোফ্ফার কাজীর বিরুদ্ধে আগেও একাধিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছিল। সচেতন মহল জেলার সব অনিয়মকারী কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন