নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক আর নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০২:১০ এএম
নাসার বাংলাদেশি বিজ্ঞানী রেজাউল হক আর নেই

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি স্টেট ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন।

কয়েক বছর আগে নাসা থেকে অবসরের পর তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

ড. রেজাউল হকের বাবা ছিলেন প্রয়াত ফহিম উদ্দিন বিশ্বাস এবং মা প্রয়াত আনোয়ারা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

তার বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে রয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রেই তার দাফন সম্পন্ন হবে।

শুক্রবার জুমার নামাজের পর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া জামে মসজিদে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এম জি