নেত্রকোণার মদন উপজেলায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার রাতে নেত্রকোণা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন- ট্রাকচালক শামীম মিয়া (২৮) ও তার সহকারী শাহিন মিয়া (২৫)।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে প্রায় ২০ টন সরকারি চাল নিয়ে একটি ট্রাক বের হয়। সরকারি সিলমোহরযুক্ত এসব চাল নেত্রকোণার বারহাট্টা উপজেলার বাউসী এলাকার তালুকদার রাইস মিলে নেওয়া হচ্ছিল। পথে স্থানীয় কয়েকজন বাসিন্দার সন্দেহ হলে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি থামান। এ সময় চালানের বৈধ কাগজপত্র যাচাই করা হলে চালক ও সহকারী কোনো সন্তোষজনক তথ্য দেখাতে পারেননি। পরে চালভর্তি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সরকারি খাদ্যশস্য নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকায় নানা অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের। তাদের দাবি, সঠিক তদারকির অভাবে প্রায়শই সরকারি চাল এভাবে পাচার করা হয়। তবে এই চাল জব্দের ঘটনায় সংশ্লিষ্ট খাদ্য বিভাগের কর্মকর্তাদের বক্তব্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জানতে চাইলে মদন সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, চালগুলো আনোয়ার হোসেন মাস্টার নামে এক ব্যক্তি টিআর-কাবিখার ডিও কিনে সংগ্রহ করছিলেন। কয়েক দিন ধরে চাল সংগ্রহ করে গুদামে রেখে আজ এভাবে নিয়ে যাচ্ছিলেন, এর বেশি কিছু তিনি জানেন না।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী জানান, খবর পেয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন