সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৩:০৪ পিএম
সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ের দলীয় ব্যানার ও ছবি পুড়ে গেছে। শনিবার সকালে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন ধরে দলীয় কার্যালয়টি বন্ধ ছিল। শনিবার সকালে বিন্নাফৈর বাজারের লোকজন অফিসের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে স্থানীয়রা দলীয় নেতাকর্মীদের খবর দিলে তাঁরা এসে অফিসের ভেতরে থাকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ছবিসহ দলীয় ফেস্টুন, ব্যানার ও ধানের শীষের ম্যুরাল পোড়া অবস্থায় দেখতে পান।

ঘটনার খবর পেয়ে পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই অগ্নিসংযোগ করেছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, বর্তমান সরকার ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করছে। সরকারের সুন্দর পরিকল্পনাকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে এই নাশকতা করা হয়েছে। তিনি এই নাশকতার তীব্র নিন্দা জানান এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর