ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের সচিব

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৭:০৪ পিএম
ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌ মন্ত্রণালয়ের সচিব

আসন্ন ঈদুল আজহায় নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারের প্রস্তুতি দেখতে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া। শনিবার দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে নৌ সচিব মো. জাকারিয়া সাংবাদিকদের বলেন, অতি সম্প্রতি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের মর্মান্তিক বাস দুর্ঘটনার তদন্ত করে আমরা এর কারণ উদঘাটন করেছি। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আরও কী কী করা দরকার, সে বিষয়ে সরেজমিনে খোঁজ নিতে আজকের এই পরিদর্শন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

তবে আইন ও নির্দেশনা অনুযায়ী সকল যানবাহন ও যাত্রীকে ফেরিতে ওঠানামা করতে হবে। নির্দেশনা অমান্য করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ যাত্রী এবং কোরবানির পশুবাহীসহ সব ধরনের যানবাহন যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. আবুল হোসেন, পরিচালক (বাণিজ্য) মো. আশিকুর রহমান, পরিচালক ও কারিগরি ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. শাকিল আহমেদ, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা প্রমুখ।

এএন