শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০২:৩২ এএম
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৬

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত নাসির ইসলাম নামের এক চিকিৎসকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে হাসপাতালটির চিকিৎসক ডা. আকরাম এলাহি বাদী হয়ে পালং মডেল থানায় মামলাটি করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত পরিচয়ের আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর হাসপাতালের জরুরি বিভাগে উত্তেজনা তৈরি হয়। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে থাকা কিছু বহিরাগত দায়িত্বরত চিকিৎসকের ওপর চড়াও হয়। একপর্যায়ে চিকিৎসককে কক্ষ থেকে টেনে বের করে মারধর করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর হাসপাতালে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে শনিবার রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

এদিকে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় স্থানীয় চিকিৎসকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এম জি