ফুলবাড়ীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৪:২৬ পিএম
ফুলবাড়ীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক, শিক্ষিকা ও কেয়ারটেকারসহ সকল জনবলকে রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এই আয়োজন করা হয়।

শিক্ষক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। পরে উপজেলা পরিষদ চত্বরের সামনে এক সংক্ষিপ্ত মানববন্ধনে অংশ নেন তাঁরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফুলবাড়ী মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মো. একরামুল হক, শিক্ষক মাওলানা মো. জাকারিয়া সরকার, নাজিম উদ্দিন, আব্দুর রশিদ, শিক্ষিকা মাহফুজা মুক্তা ও নাজমা বেগমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবল দীর্ঘদিন ধরে প্রান্তিক পর্যায়ে শিক্ষা বিস্তারে অবদান রেখে চলছেন। তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা এখন সময়ের দাবি। শিক্ষক-শিক্ষিকাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের প্রতি এই বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

জেএইচআর