ডিসির হস্তক্ষেপে রাজশাহী থেকে বাস চলাচল শুরু

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০১:৩৭ এএম
ডিসির হস্তক্ষেপে রাজশাহী থেকে বাস চলাচল শুরু

জেলা প্রশাসকের (ডিসি) হস্তক্ষেপে প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার পর থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে শুরু করে। একই সঙ্গে টিকিট কাউন্টারগুলোতেও বিক্রি শুরু হয়।

শ্রমিকদের দাবি মেনে নিয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ঘোষণা দেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। পাশাপাশি ঈদের পর শ্রমিকদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের আশ্বাস দেন তিনি। ডিসির এ ঘোষণার পর শ্রমিকরা হাততালি দিয়ে তাকে ধন্যবাদ জানান এবং চলমান কর্মসূচি প্রত্যাহার করে নেন।

এর আগে রোববার রাতে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ২১ সদস্যবিশিষ্ট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে। এতে শ্রমিক দলের রাজশাহী মহানগরের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করা হয়। তবে এই কমিটি প্রত্যাখ্যান করেন শ্রমিকদের একটি অংশ।

শ্রমিকদের অভিযোগ, ভোটের দাবি তোলায় সম্প্রতি রফিকুল ইসলাম পাখি তার অনুসারীদের নিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাও হয়। পরে কেন্দ্র থেকে তাকে সভাপতি করে কমিটি ঘোষণা করা হলে ক্ষুব্ধ শ্রমিকরা সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন। ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে শ্রমিক নেতা ও বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কিন্তু সমাধান না হওয়ায় রাতে তিনি নিজেই নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় যান এবং শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

সেখানে ডিসি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটি স্থগিত থাকবে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আপনারা গাড়ি চালু করে দেন। শ্রমিকদের কথা বিবেচনায় নিয়ে ফেডারেশন কমিটি স্থগিত ঘোষণা করেছে। ঈদের পর এটা নিয়ে কথা হবে।

তিনি আরও বলেন, আমরা সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করেছি। ১৭ বছর পর রাজশাহী চেম্বারের নির্বাচনও করেছি। আপনাদের নির্বাচনও করব। আপনাদের নির্বাচনে হবে শ্রমিকের প্রতিনিধি। প্রকৃত শ্রমিকরা যাকে ভোট দেবেন, তারাই নির্বাচিত হবেন।

এএন