মধুপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: মে ১৯, ২০২৬, ০২:২৯ পিএম
মধুপুরে ভূমিসেবা মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজন এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়। মেলার শুরুতে উপজেলা ভূমি অফিসের সামনে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মনিউজ্জামান মনি।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে এখন অনেক দ্রুত ও সহজে ভূমিসেবা নিশ্চিত করা হচ্ছে। ডিজিটাল এই সেবার সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারেন, সেটাই এই মেলার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ভূমি সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচআর