সারা দেশের ন্যায় ময়মনসিংহেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। মেলা উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সরকারি সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত নাগরিকেরা ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান, ডিসিআর ও মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি ধারণা ও পরামর্শ নিতে পারবেন। পাশাপাশি কিছু সেবা স্পটেই তাৎক্ষণিকভাবে গ্রহণের সুযোগও রাখা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন