গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের একটি পাকা রাস্তা পুকুরে ধসে গিয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তার পাশে কোনো গাইড ওয়াল বা প্রতিরক্ষামূলক দেয়াল না দেওয়ায় এবং রাস্তাটি সংস্কার না করায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও শিশু শিক্ষার্থীরা। পৌর কর্তৃপক্ষ সময়মতো পদক্ষেপ না নেওয়ায় জনবসতিপূর্ণ এলাকার এই রাস্তাটি এখন পুকুরের গর্ভে বিলীন হতে চলেছে। এর ফলে ওই এলাকার প্রায় তিন শতাধিক পরিবারের লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
মঙ্গলবার সকালে সুন্দরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তাঁতীপাড়ার জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে গিয়ে রাস্তা ও পুকুরের এমন বিপজ্জনক চিত্র দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের হাবলুর মোড় হয়ে তাঁতীপাড়া মহল্লার ভেতর দিয়ে তিস্তা বাজার, বেকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় কবরস্থানে যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তাটি। এই পথ দিয়ে প্রতিনিয়ত রিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ও শত শত মানুষ চলাচল করছে। রাস্তার পাশেই বড় পুকুর থাকায় বর্ষাকালে পাড় ধসে কার্পেটিং ও ইটের খোয়া পুকুরে চলে যাচ্ছে। ফলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায় ১০-১২ বছর আগে রাস্তাটি পাকা করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার বা মেরামত করা হয়নি। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পুকুরপাড়ের এই অংশটুকু জরুরি ভিত্তিতে গাইড ওয়াল দিয়ে সংস্কার করা না হলে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি জানান, ওই স্থানে রাস্তা ধসে পুকুরে চলে যাওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন। দ্রুতই সরেজমিনে খোঁজখবর নিয়ে রাস্তাটি সংস্কার ও সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন