দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, ক্ষোভে ট্রাকে আগুন

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৬, ১১:৩৯ এএম
দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, ক্ষোভে ট্রাকে আগুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় পাপরী রানী রায় (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দেড় ঘণ্টা এশিয়ান মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাপরী একই এলাকার সেবেন রায়ের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলতে খেলতে মহাসড়কে উঠে গেলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএন