চট্টগ্রামের হাটহাজারীতে পাহাড় কাটার মাটি দিয়ে জমি ভরাট ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমানের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে পাহাড় কেটে মাটি দিয়ে জমি ভরাট করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে গভীর রাতে সরেজমিনে পরিদর্শনে যায় উপজেলা প্রশাসনের একটি দল। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে প্রশাসন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে জানান, ম্যাজিস্ট্রেট আসার খবর আগেভাগেই তিনি অপরাধীদের কাছে পৌঁছে দিয়েছিলেন এবং তাঁদের পালিয়ে যেতে সরাসরি সহায়তা করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, পাহাড় কাটায় সহায়তা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন-২০২৩ এবং দণ্ডবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ওই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসকারী এবং পাহাড়খেকোদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন