গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: মে ২১, ২০২৬, ১১:০১ এএম
গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে  গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়ন থেকে তাদের  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার সুপারীরভিটা এলাকার মো. রজ্জব খানের ছেলে মো. আরিফ খান (২৬) এবং একই উপজেলার বেড়াডাঙ্গা এলাকার মো. ভুট্টুর ছেলে মো. সাব্বির (১৮)।

ডিবি পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নসরৎপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে গাইবান্ধা পুলিশ লাইন্সের ২ নম্বর গেটের দক্ষিণ পাশে সাঘাটা–গাইবান্ধা পাকা সড়কের ওপর মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে আটককৃত আরিফ খানের দেহ তল্লাশি করে দুটি নীল জিপার প্যাকেটে মোড়ানো অবস্থায় ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচায় পরস্পর যোগসাজশের অপরাধে অপর সহযোগী সাব্বিরকেও  গ্রেপ্তার করে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।  গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত জেলা গড়তে পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এএন