চলতি বছরের বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করেছে সরকার। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহানা সুলতানা এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) শিমুল দে, আশুগঞ্জ উপজেলা চাতালকল, অটো মেজর ও হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, ধান-চাল ব্যবসায়ী ইমরান মোল্লা, হাসান ইমরানসহ চাতালকল ও অটো রাইস মিল মালিক সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা খাদ্যগুদাম সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে ৪৯ টাকা কেজি দরে ৫৮ হাজার ৮৬২ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৮ টাকা কেজি দরে ৪ হাজার ৯০ মেট্রিক টন আতপ চাল ও ৩৬ টাকা কেজি দরে ৪৩৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এসময় আগত অতিথিরা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক সময়ে বোরো ধান-চাল সংগ্রহ করতে হবে। ধান ও চালের গুণগতমান যাতে ভালো হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ বিষয়ে কোনো আপস করা হবে না বলেও সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন