রুট পারমিট ছাড়া গাজীপুরে ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৭:৩৫ পিএম
রুট পারমিট ছাড়া গাজীপুরে ভিক্টর ক্লাসিক বন্ধের দাবিতে টঙ্গীতে বাস মালিকদের মানববন্ধন

গাজীপুর মহানগরে রুট পারমিট (অনুমতি) ছাড়া অবৈধভাবে ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের বাস চলাচলের প্রতিবাদে এবং তা দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গাজীপুর মহানগর সাধারণ বাস মালিকবৃন্দ। 

শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার সংলগ্ন বিআরটিএ ফ্লাইওভারের ওপর এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে গাজীপুর মহানগরের বিভিন্ন রুটের শত শত বাস মালিক ও শ্রমিক নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসগুলোর রুট পারমিট মূলত ঢাকার আশুলিয়া ও বাইমাইল এলাকা পর্যন্ত অনুমোদিত। কিন্তু বিআরটিএ ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই বাসগুলো অবৈধভাবে গাজীপুর মহানগরীতে প্রবেশ করছে।

পরিবহন নেতারা অভিযোগ করেন, কোনো অনুমোদন ছাড়া ভিক্টর ক্লাসিক গাজীপুরে চলায় স্থানীয় বৈধ পরিবহন মালিকরা চরম ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং এবং অতিরিক্ত বাসের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়িয়ে দিচ্ছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধভাবে চলা এই ভিক্টর ক্লাসিক পরিবহন গাজীপুর রুটে অবিলম্বে বন্ধ করতে হবে। প্রশাসন যদি দ্রুত এই রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে সাধারণ বাস মালিক ও শ্রমিকরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মানববন্ধন কর্মসূচি শেষে পরিবহন মালিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ট্রাফিক বিভাগ এবং বিআরটিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।

জেএইচআর