মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৯:২১ পিএম
মুন্সীগঞ্জে পুকুরে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ গ্রামে পুকুরে গোসল করতে নেমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেলে পশ্চিম দেওভোগ গ্রামের মৃত মোস্তাকুর রহমানের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-পশ্চিম দেওভোগ গ্রামের মৃত মোস্তাকুর রহমানের ছোট ছেলে সোপান (২৪) এবং ঢাকার বাসিন্দা মেজর মুকিতের ছেলে আজওয়াদ (২২)। তাঁরা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোপানের বাবা মুন্সীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ। দুই ভাইয়ের মধ্যে সোপান ছিলেন ছোট।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে সোপানের আমন্ত্রণে তাঁর বিশ্ববিদ্যালয়ের ১৫ জন বন্ধু ঢাকা থেকে মুন্সীগঞ্জের ওই বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে বন্ধুরা যখন ঘরে ও চারতলার ছাদে আড্ডা দিচ্ছিলেন, তখন সোপান ও আজওয়াদ বাড়ির পুকুরে গোসল করতে নামেন। হঠাৎ সোপানের চিৎকার শুনে বন্ধুরা ছাদ থেকে নিচে নেমে দেখেন, দুজনে পানিতে তলিয়ে গেছেন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সহযোগিতায় তাঁদের পুকুর থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ইউসুফ আলী সরকার বলেন, বিকেল পাঁচটার পর পানিতে ডোবা দুজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। ঘটনার পেছনে স্বাভাবিক কারণের বাইরে অন্য কিছু আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হোসেন বলেন, “পশ্চিম দেওভোগে সোপানের বাড়িতে বন্ধুদের একটি গেট-টুগেদার ছিল। বিকেলে সোপান ও তাঁর বন্ধু আজওয়াদ পুকুরে গোসল করতে নামেন। বাকি বন্ধুরা ছাদ থেকে তা দেখছিলেন। সোপান সাঁতার জানতেন। মূলত বন্ধুকে বাঁচাতে গিয়েই দুজনে পানিতে ডুবে মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।” এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জেএইচআর