ঈদে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন ৮ দিন বন্ধ থাকবে

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০২:৫২ পিএম
ঈদে বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন ৮ দিন বন্ধ থাকবে

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ মোট ৮ দিন বন্ধ থাকবে। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি ও ব্যবসায়ী কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) অ্যাসোসিয়েশন।

তবে এসময় পুলিশ অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) খোলা থাকবে। পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ১ জুন সোমবার পর্যন্ত আট দিন সকল সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে।

সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস কর্তৃপক্ষ), স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, থানার ওসি, উদ্ভিদ সংগনিরোধ দপ্তর, সোনালী ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, পুলিশ ইমিগ্রেশন কর্মকর্তা, গোয়েন্দা সংস্থা, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক সমিতি, চ্যাংড়াবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বিএসএফসহ উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন মঙ্গলবার থেকে পূর্বের ন্যায় যথারীতি সিঅ্যান্ডএফ কার্যক্রমসহ সকল ব্যবসায়ী কার্যক্রম চলমান থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘ঈদে এ স্থলবন্দরে ব্যবসা বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন পথ দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সচল থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ‘ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়ী কার্যক্রম ৮ দিন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।’

এএন