টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল উপজেলার বাংড়া নামক এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাংড়া গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে ও নবম শ্রেণির শিক্ষার্থী তাকবীর মিয়া (১৫), সোলাইমান আলীর ছেলে সাইমন (১৪) এবং একই এলাকার মো. শওকত আলীর ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী লিমন মিয়া (১৩)।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, টাঙ্গাইল-নলুয়া সড়কের বাসাইল উপজেলার বাংড়া কালী মন্দিরের সামনে রোববার বেলা ১২টার দিকে তাকবীর মিয়া, লিমন ও সাইমনকে নিয়ে মোটরসাইকেলে বাসাইলের দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাকবীরের মৃত্যু হয়। গুরুতর আহত লিমন ও সাইমনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে লিমনের মৃত্যু হয় এবং ঢাকা নেওয়ার পথে সাইমনের মৃত্যু হয়।
আইনি প্রক্রিয়া শেষ করে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন