মাগুরায় শহিদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ২৪, ২০২৬, ০৭:১২ পিএম
মাগুরায় শহিদ রাব্বি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাগুরায় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে আয়োজন করা হয়েছে “জুলাই যোদ্ধা শহিদ মেহেদী হাসান রাব্বি স্মৃতি সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট-২০২৬”। রোববার বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির নির্বাচিত সভাপতি মাসুদ হাসান খান কিজিল। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কৃষক দল সভাপতি মো. রিপন আকাশ অপু। খেলা শুরুর আগে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি। উদ্বোধনের পর প্রথম ম্যাচে অংশ নেয় বাবুখালী ফুটবল একাদশ ও প্রভাতী স্পোর্টিং ক্লাব, মাগুরা। খেলাকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ হাসান খান কিজিল বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান সময়ে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে বেশি বেশি ক্রীড়া আয়োজন প্রয়োজন। শহিদ মেহেদী হাসান রাব্বির স্মৃতিকে ধরে রাখতে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। মাগুরার প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। মাঠে তরুণদের উপস্থিতি বাড়লে সমাজও ইতিবাচক পথে এগোবে।

বিশেষ অতিথি মো. রিপন আকাশ অপু বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি তরুণদের মাঝে ভ্রাতৃত্ব ও সামাজিক বন্ধন তৈরির একটি সুন্দর উদ্যোগ।

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এক কর্মকর্তা বলেন, বর্তমান প্রজন্মকে মোবাইল ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। জেলা ক্রীড়া সংস্থা সবসময় খেলাধুলাভিত্তিক ইতিবাচক আয়োজনকে স্বাগত জানায়।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশ নিচ্ছে। পুরো আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দর্শকদের উপস্থিতি ও উৎসাহে উদ্বোধনী ম্যাচ প্রাণবন্ত হয়ে ওঠে।

এএন