ফেনীতে টিউবওয়েলে পানির সাথে আগুন, গ্যাসের সন্ধানে বাপেক্স টিম

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০২:১৪ পিএম
ফেনীতে টিউবওয়েলে পানির সাথে আগুন, গ্যাসের সন্ধানে বাপেক্স টিম

ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর এলাকায় একটি বাড়িতে নতুন বসানো টিউবওয়েল থেকে পানি তুলতে গিয়ে আগুন জ্বলে ওঠার ঘটনা ঘটেছে। ঘটনাটি জানাজানি হলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে পাঠানো হয়।

রোববার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি টিম ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালায়।

গৃহকর্তা মো. হাসান জানান, তিনি বাড়ির পাশে ১১০ ফুট গভীর একটি নলকূপ স্থাপন করেন। কাজ শেষ হওয়ার পর শনিবার সন্ধ্যায় নলকূপের হাতলে চাপ দিলে প্রবল বেগে পানি ওঠার পাশাপাশি ওপরের দিকে গ্যাস উদগীরণ হতে দেখা যায়। পরে আগুন জ্বলে ওঠে।

দীর্ঘ সময় ধরে এ অবস্থা চলতে থাকলে আশপাশের শত শত কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। বিষয়টি তিনি দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলামকে অবহিত করেন।

ইউএনও মো. শাহীদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফেনী ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্ঘটনা এড়াতে নলকূপটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি বাপেক্স কর্তৃপক্ষকে জানানো হলে তাদের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে।

নোয়াখালীর শাহজাদপুর গ্যাস ফিল্ডের সহকারী ব্যবস্থাপক সতীশ চন্দ্র বর্মন জানান, বাপেক্সের নির্দেশনায় একটি টিম ঘটনাস্থলে গিয়ে মাল্টিগ্যাস মনিটরের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা চালায়।

পরীক্ষায় নলকূপে অক্সিজেনের পরিমাণ ৩২ শতাংশ পাওয়া গেছে। এছাড়া ক্ষতিকর গ্যাস হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি মেলেনি। তবে কিছু পরিমাণ দাহ্য মিথেন গ্যাস শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, মাত্র ১১০ ফুট খননের পর গ্যাসের উদগীরণ হওয়ায় ধারণা করা হচ্ছে এটি মাটির নিচে থাকা ‘পকেট গ্যাস’ থেকে বের হচ্ছে। এছাড়া কোনো প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের ছিদ্রপথ দিয়েও গ্যাস আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাপেক্সের কর্মকর্তারা জানান, ভূ-তাত্ত্বিক টিম এসে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত অবস্থা নির্ণয় করবে। জননিরাপত্তার স্বার্থে আপাতত নলকূপের ওপরের অংশ খুলে সেখানে ২০ ফুট পিভিসি পাইপ সংযোগ করে গ্যাস নিঃসরণের ব্যবস্থা করা হয়েছে।

সোমবার বাপেক্সের ভূ-তাত্ত্বিক দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তারা গ্যাসের নমুনা সংগ্রহ এবং কূপটির সম্ভাব্যতা যাচাই করবেন।

ইউএনও মো. শাহীদুল ইসলাম আরও জানান, বাপেক্স টিমের সঙ্গে প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং বাপেক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন।

এম জি