ঝড়ের কবলে পড়ে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ, পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে ঈগল-৭ নামে একটি লঞ্চ কাত হয়ে পড়লে প্রায় ১০ যাত্রী আহত হন। কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী।
সোমবার দুপুরের দিকে আকস্মিক কালবৈশাখী শুরু হলে চাঁদপুর লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।
লঞ্চঘাটে থাকা লোকজন জানান, ঝড়ে প্রচণ্ড বাতাস শুরু হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়ে। এর মধ্যে ঘাটে ভিড়তে গিয়ে এমভি ঈগল-৭ নামে লঞ্চটি কাত হয়ে যায়। হুড়োহুড়ি করে নামতে গিয়ে লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হন। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পরপরই ঘাট এলাকায় দায়িত্বে থাকা নৌ-পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও স্কাউট সদস্যরা উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আতঙ্কিত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল আজাদ জানান, হঠাৎ সৃষ্ট ঘূর্ণিঝড়ে লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় নৌ-পুলিশ দ্রুত অভিযান চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। লঞ্চ থেকে নামার সময় কয়েকজন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য নৌযান চলাচলে বিঘ্ন ঘটে। প্রচণ্ড ঝড়ে পন্টুন ও জেটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন