হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৪ মে) বিকেলে বড়চর গ্রামের সাইদুর রহমানের মেয়ে ও বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে যাওয়ার পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী তাকে জোরপূর্বক পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ গামছা দিয়ে বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। শিশুটির বাবা বাড়িতে না থাকায় সোমবার দুপুরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
ধর্ষিতার মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়ে মজা কিনতে দোকানে যাওয়ার পথে এ ঘটনার শিকার হয়। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।
এ ব্যাপারে ওসি মোঃ মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন