মাগুরা জেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি, সংঘবদ্ধ সন্ত্রাস, লুটপাট, অগ্নিসংযোগ, হামলা, জখম ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি দিয়েছেন বিএনপির এক নেতা।
গত ২০ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে দেওয়া ওই স্মারকলিপিতে রিয়াজ উদ্দিন আহমেদ দাবি করেন, জেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে গয়েশপুর, শ্রীকোল, সব্দালপুর, হাজরাপুর, গোপালগ্রাম, বেরইলপলিতা, কুচিয়ামোড়া, পলাশবাড়িয়া, শতখালী, শালিখা ও বালিদিয়া ইউনিয়নে নিরীহ মানুষের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।
এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্মারকলিপিতে বলা হয়, বহু পরিবার সহায়সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। নারী, শিশু ও বৃদ্ধদের মধ্যেও ভীতি ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া আবেদনে তিনি কয়েকটি দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, প্রশাসনের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখা, ক্ষতিগ্রস্ত পরিবারকে রাষ্ট্রীয় নিরাপত্তা ও আর্থিক সহায়তা প্রদান এবং এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন।
এ ছাড়া রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণ, ভবিষ্যতে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকাতে স্থায়ী পদক্ষেপ নেওয়া, বিএনপি নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও হত্যার ঘটনাগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করার দাবিও জানানো হয়।
স্মারকলিপিতে জুয়া ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং ‘মুখোশধারী সমাজপতি, তদবীরবাজ, ক্রিমিনাল ও ব্রেন সন্ত্রাসীদের’ গোয়েন্দা নজরদারিতে রাখার আহ্বানও জানানো হয়েছে।
রিয়াজ উদ্দিন আহমেদ স্মারকলিপিতে নিজেকে নবম, একাদশ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি ঢাকা-১৭ নির্বাচনী এলাকার উপ-কমিটি প্রচার ও গণসংযোগ সেলের সদস্য বলেও পরিচয় দিয়েছেন।
তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে জেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন