মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, আজ বিকেলে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতরে আচমকা লাইনচ্যুত হয়। এর ফলে এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের সিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে এবং বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর স্টেশনের মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য দ্রুততম সময়ের মধ্যে কুলাউড়া থেকে হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে আশা করা যাচ্ছে দ্রুতই রেললাইন সচল করা সম্ভব হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন