সাতক্ষীরার তালায় একটি টিনশেড গোডাউনে ভয়াবহ আগুন লেগে বিপুল পরিমাণ ধান ও বিচুলি (খড়) পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার বারুইহাটি মৎস্য খামার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গোডাউনটি স্থানীয় ‘মায়ের দোয়া পোল্ট্রি ফার্ম’-এর মালিক শেখ আশরাফ আলীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গোডাউনে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা প্রথমে নিজস্ব উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় গোডাউনের আশপাশে কয়েকজন শিশু বাজি (পটকা) ফুটিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, শিশুদের খেলার সময় একটি জ্বলন্ত বাজি উড়ে গিয়ে গোডাউনের ভেতরে পড়ে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্তের স্বজনরা জানান, ওই গোডাউনে শেখ আশরাফ আলীর ৮ থেকে ৯ বিঘা জমির মাঠ থেকে কেটে আনা ধানসহ বিচুলি মজুত রাখা ছিল। মাড়াই বা ঝাড়াই না করেই সেগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল, যেন পরবর্তীতে সুবিধাজনক সময়ে ধান ও বিচুলি আলাদা করা যায়। কিন্তু তার আগেই আগুনে সব পুড়ে শেষ হয়ে গেল।
তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল হান্নান জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন