স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১২:১০ পিএম
জঙ্গল সলিমপুরের বাসিন্দাদের উচ্ছেদের পরিকল্পনা নেই
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় বসবাসরত মানুষের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো উচ্ছেদ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করেই ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি এলাকায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, ক্যাম্পে ভাঙচুরসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় জেলা কারাগার স্থানান্তরের প্রক্রিয়াও এগিয়ে চলছে। পাশাপাশি জুয়া, মাদক এবং কিশোর অপরাধ দমনে বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন এনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের চিন্তাভাবনা করছে সরকার।

সালাহউদ্দিন আহমদ বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রেও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, সফরের অংশ হিসেবে দুপুরে চট্টগ্রামের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

এএন