চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

মো. এমরান হোসেন, চাঁদপুর প্রকাশিত: মে ৩১, ২০২৬, ১২:৫৯ পিএম
চাঁদপুরে বাসচাপায় হাসপাতালের দারোয়ানের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় বিল্লাল হোসেন (৪৮) নামে এক হাসপাতালের দারোয়ানের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ টোরাগড় মনির ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন পাশ্ববর্তী শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁও গ্রামের ভূঁইয়া বাড়ির সাহেব আলী ভূঁইয়ার ছেলে। তিনি হাজীগঞ্জ বাজারের ডক্টরস সিটি স্ক্যান হাসপাতালের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় লোকজন সিসিটিভি ফুটেজ দেখে জানান, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল আইদি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। ঠিক তার পেছনে ছিল বোগদাদ পরিবহনের আরেকটি বাস। বোগদাদ পরিবহনের বাসটি আইদি পরিবহনের বাসটিকে অতিক্রম করতে চেয়েছিল, কিন্তু আইদি পরিবহনের বাসটি সুযোগ না দিলে বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বাসটি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

সেন্টু নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। ঘটনার পরই বাস দুটি রেখে চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

নিহত বিল্লাল হোসেনের চাচা আবদুল মান্নান ভূঁইয়া বলেন, তার তিন সন্তান রয়েছে। তিনি বাড়ি থেকে প্রতিদিন হাসপাতালে এসে কাজ করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, দুর্ঘটনায় জড়িত বোগদাদ ও আইদি পরিবহনের বাস দুটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এএন