জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেয়েছে। জামায়াত এককভাবে ৬৮টি আসন ও জোটগতভাবে ৭৭টি আসন পেয়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, আগামীতেই জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
রোববার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় জামায়াতের ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. তাহের বলেন, অন্তর্বর্তী সরকারকালীন সময়ে এ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য ১২০ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। নির্বাচন শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যে আরও ১০০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, চৌদ্দগ্রামের প্রধান সমস্যা কিশোর গ্যাং ও মাদক ব্যবসা। এসবের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এই এলাকায় কিশোর গ্যাং ও মাদক ব্যবসার কোনো স্থান হবে না। তাদের ছয় মাস সময় দেওয়া হলো। এরপরও যদি এ পথে থাকে, তাহলে প্রমাণ হবে তারা ইচ্ছাকৃতভাবে এ পথে আছে।”
অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন