প্রতিমন্ত্রী

নৌপথে ঈদযাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ১, ২০২৬, ০১:৩৬ পিএম
নৌপথে ঈদযাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক

নৌপথে এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও স্বস্তিদায়কভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। রোববার রাতে বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত নৌযান চলাচল ও যাত্রীসেবা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। কোথাও ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য কোনো ঘাটতি দেখা যায়নি। দিনশেষে বলা যায়, এবারের ঈদযাত্রা নৌপথে নিরাপদ, স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ ছিল।

তিনি জানান, যাত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকেও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। শুধু বরিশাল নয়, দেশের বিভিন্ন নৌরুটেও যাত্রীসেবার বিষয়ে বড় কোনো সমস্যার খবর আসেনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই মাসের মধ্যে বরিশালে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মিত হবে। এটি হবে নিরাপদ ও আধুনিক একটি টার্মিনাল।

রাজীব আহসান আরও বলেন, যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। এখন কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এ জন্য যাত্রীদেরও সতর্ক থেকে নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।

বরিশাল নৌবন্দরের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সেখানে একটি আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

তার ভাষ্য, নতুন টার্মিনালে আধুনিক ব্যবস্থাপনা চালু হলে জাহাজের নোঙরকরণ ও যাত্রী চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। ঢাকার পর বরিশালেই দেশের অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন লঞ্চ টার্মিনাল গড়ে উঠছে, যা দক্ষিণাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা বয়ে আনবে।

পরিদর্শনকালে নৌবন্দর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএন