ক্ষেতলালে রাস্তায় খড় শুকানোর দায়ে দুই জনকে জরিমানা

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২৬, ০২:৫৭ পিএম
ক্ষেতলালে রাস্তায় খড় শুকানোর দায়ে দুই জনকে জরিমানা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সড়কে খড় শুকিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ জনকে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরদারপাড়া মোড় থেকে মনঝার বাজার হয়ে বিলের ঘাট পর্যন্ত সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ক্ষেতলাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। অভিযানে সড়কের ওপর খড় শুকিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ানোর অপরাধে ২ জনকে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সড়কে খড়, ধান বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর কারণে সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে কেউ যেন সড়ক ব্যবহার করে কৃষিপণ্য শুকাতে না পারেন, সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক সকলের যাতায়াতের জন্য উন্মুক্ত। সড়কে খড় বা অন্যান্য কৃষিপণ্য শুকানোর ফলে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় এবং মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ে। তাই জনস্বার্থে ও সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর