পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৫:৩৩ পিএম
পাকুন্দিয়ায় পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও এক যুবক আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ-গাজীপুর মহাসড়কের কুশাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই উপজেলার চরটেকিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরও একজন নিহত হয়েছেন। 

জানা যায়, আজ দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরটেকিয়া পূর্বপাড়ার বাবুলের বড় ছেলে রাসেল ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুশাকান্দা এলাকায় মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিয়াদ ও সজীব গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সজীব মারা যান।

নিহত সজীব (২০) উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের ললু মিয়ার ছেলে। আহত রিয়াদ (২৯) একই উপজেলার চরটেকি গ্রামের খোকনের ছেলে।

এএন