মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মাদক বেচাকেনা। স্থানীয়দের অভিযোগের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দুই মাদক কারবারি। চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের দক্ষিণ পাশে বুজরুক আলী পাটওয়ারী বাড়ির অভিমুখে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ‘কবির স্টোর’-এর মালিক মো. কবির হোসেন (৩৪) এবং একই এলাকার সামছুর রহমান (৪৫)। কবির হোসেন স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে এবং সামছুর রহমান মৃত আব্দুল মন্নানের ছেলে। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াপদা ভবনের দক্ষিণ পাশে অবস্থিত ‘কবির স্টোর’ নামে একটি মুদি দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, দোকানটিকে আড়াল হিসেবে ব্যবহার করে কবির হোসেন ও তার ভাই রাকিব হোসেন গোপনে ইয়াবা বিক্রি করে আসছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কবির হোসেন ও তার ভাই রাকিব হোসেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তারা আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনায় এবং ওসি (তদন্ত) আল-আমিন তালুকদারের তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির, আরিফ সরকার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দুইজনকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কবির হোসেনের বিরুদ্ধে পূর্বে দুটি এবং তার ভাই রাকিব হোসেনের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন