গাজীপুরের শ্রীপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন কাজের উদ্বোধন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
বুধবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আধুনিক ও মানসম্মত শিক্ষার বিকল্প নেই। সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে সকাল ১১টায় টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য ডা. বাচ্চু।
তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি। দেশপ্রেম, উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও মানুষের কল্যাণে তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষা উন্নয়ন ও জিয়ার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়েই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
অনুষ্ঠানে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা ও মুক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিএনপি নেতা শাহজাহান মোড়লসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন