“মশা বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি”-এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ পৌরসভার আয়োজনে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।
গোয়ালন্দ পৌরসভা সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, মশা নিধন কার্যক্রম ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২ লাখ ৬৮ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকা, সড়কের পাশে ও সরকারি অফিস এলাকায় মশার প্রজনন উপযোগী পরিবেশ তৈরি হওয়ার চিত্র দেখা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সাথী দাস। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান ও পৌর সচিব মো. হেমায়েত হোসেন প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান বলেন, এডিস মশা স্বচ্ছ ও জমে থাকা পানিতে ডিম পাড়ে। তাই বর্ষাকালে বিশেষ সতর্কতা জরুরি। জ্বর হলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি।
ইউএনও সাথী দাস বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, নাগরিকদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখাও জরুরি। ব্যক্তিগত সচেতনতাই এডিস মশার বিস্তার রোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
র্যালি শেষে হাসপাতাল চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন