রাজবাড়ীর কালুখালীতে আসাদুল মন্ডল নামের একজন জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
তিনি কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের শাজাহান মন্ডলের পুত্র আসাদুল মন্ডল (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের চন্দনা নদীর পাড়ে কৃষক মোতালেব হোসেন, উজ্জ্বল হোসেন ও রব্বেল কাজ করতে এসে একটি লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু তালহা বলেন, গতকাল রাত ৮টার দিকে সে বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করা হয়। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
মদাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. ফিরোজ আহম্মেদ জানান, আসাদুল মন্ডল বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মী ছিলেন। তিনি মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র। গত রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ সকালে তার লাশ পাওয়া গেছে।
এএসপি (পাংশা সার্কেল) দেবব্রত সাহা বলেন, সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন