মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:২৯ পিএম
মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ি শাখায় ব্র্যাকের উদ্যোগে ১১ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) প্রশিক্ষণ প্রদান এবং তাদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

টেকসই কৃষি উন্নয়ন ও পরিবেশবান্ধব জৈব সারের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার (১৮ জুন) দিনব্যাপী এই প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রান্তিক কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে জৈব সার উৎপাদনের বাস্তব জ্ঞান দেওয়া হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে ভার্মি কম্পোস্ট তৈরির কৌশল হাতে-কলমে শেখান মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.বি.এম. খায়রুল আলম। তিনি বলেন, ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং কৃষকের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।

মাটির স্বাস্থ্য ও রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন মধুপুর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ধরে রাখতে ভার্মি কম্পোস্টের বিকল্প নেই।

অনুষ্ঠানে ব্র্যাকের কৃষি বিষয়ক কার্যক্রম নিয়ে আলোচনা করেন ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো. বাকিউর রহমান। পাশাপাশি সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সেবা ও সুবিধা তুলে ধরেন মো. রঞ্জু আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর এরিয়া ম্যানেজার মো. আবুল বাশার। তিনি বলেন, প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্র্যাক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

প্রশিক্ষণ শেষে ১১ জন সদস্যের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়। নতুন এই প্রযুক্তি ও উপকরণ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন।

এম জি