পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি

মো. মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:০০ পিএম
বাজেটের পরও নিত্যপণ্যের দাম বাড়েনি

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চলতি অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি। অতীতে বাজেটের পরপরই বাজারে দ্রব্যমূল্য বাড়লেও এবার সেই পরিস্থিতি দেখা যায়নি বলে তিনি দাবি করেন।

শনিবার (২০ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা গত ১১ জুন বাজেট পেশ করেছি। স্বাধীনতার ৫৪ বছরে যতবার বাজেট হয়েছে, বাজেটের পরদিনই দেখা গেছে তেল, চিনি, চাল, আটা ও মসলাসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে গেছে। কিন্তু এবার কি দাম বেড়েছে? কেউ বলতে পারবে না যে বাজেটের কারণে তার নাভিশ্বাস উঠেছে বা নিত্যপণ্যের দাম বেড়েছে।

তিনি আরও বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ হওয়ার পরও সাধারণ মানুষের ওপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি হয়নি।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল বাজেটকে ‘স্বপ্নবিলাসী বাজেট’ বলে সমালোচনা করছে এবং বিভিন্ন স্থানে মিছিলও করেছে। তাদের অভিযোগ ছিল, বিড়ি, সিগারেট, তামাক ও মদের দাম বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার চায় মানুষ ধীরে ধীরে বিড়ি, সিগারেট, তামাক ও মদ থেকে দূরে থাকুক। সে কারণেই এসব পণ্যের দাম বাড়ানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ প্রমুখ।

এম জি