নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার মধ্যরাতে ঢাকার ডিবি কার্যালয় থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, যেসব অভিযোগের ভিত্তিতে খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল, প্রাথমিক তদন্তে সেসব অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এই কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে কী অভিযোগের ভিত্তিতে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল, এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে, তাই বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য, খাইরুল ইসলাম সজীব সংসদ সদস্যের ছেলে হওয়ার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগে বিভিন্ন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার পর যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে সর্বশেষ ডিবির প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন