ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে “ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফেয়ার ২০২৬” এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে আরও উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন এবং পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. এ. হাসিব।
সকালে শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের ৯ম ও ১০ম তলায় বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের সমাপনী বর্ষের দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশনভিত্তিক মেলা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে “Innovation and Entrepreneurship Education for Engineering Graduates: Global Best Practice and National Perspective” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, “এই আয়োজন আমাদের বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও দর্শনের প্রতিফলন। আমরা শুধু গ্র্যাজুয়েট তৈরি করি না, বরং সমাজের পরিবর্তনকারী নেতৃত্ব গড়ে তুলি। আমাদের শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ব্লকচেইন ও ভার্চুয়াল রিয়েলিটির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাস্তব সমস্যার সমাধান করছে।”
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য এমন প্রকৌশলী তৈরি করা, যারা প্রযুক্তি, উদ্ভাবন ও মানবিকতার সমন্বয়ে মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এবং বিশ্বদরবারে ডুয়েটের সুনাম আরও সমুন্নত করবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞানেই নয়, আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। এ আয়োজন তাদের আরও দূরদর্শী ও উদ্যমী করে তুলবে।”
পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো. আনওয়ারুল আবেদীন বলেন, “এটি শুধু একটি একাডেমিক আয়োজন নয়; বরং উদ্ভাবন ও উদ্যোক্তা মানসিকতার মাধ্যমে সমাজ ও বিশ্বকে পরিবর্তনের সম্মিলিত অঙ্গীকারের বহিঃপ্রকাশ।”
সভাপতির বক্তব্যে পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নও, বরং ভবিষ্যতের গবেষক, বিজ্ঞানী ও উদ্যোক্তা। আজকের অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারটি পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকারের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন