মাদারীপুর সদর উপজেলার বাহেরান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাহেরান্দি গ্রামের বাবুল শেখ ও ইমদাদ মাতুব্বরের সঙ্গে একই এলাকার বাচ্চু মোড়ল ও লাভলু মোড়লের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় নিজেদের শক্তি প্রদর্শনের জন্য উভয় পক্ষ একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সুযোগে এক পক্ষ অপর পক্ষের অন্তত চারটি বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা মূল্যবান মালামাল লুটপাট করা হয়েছে বলেও দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেখ ও মোড়ল বংশের লোকজন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায়। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন