বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৪:৩০ পিএম
নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

পরিবেশ সুরক্ষা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) যশোর জিলা স্কুল মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং বিদ্যালয়ের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে দেশের বিদ্যুৎ উৎপাদন মূলত ডিজেল, ফার্নেস অয়েল, গ্যাস ও কয়লাভিত্তিক ছিল, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এ বাস্তবতায় সরকার সৌরবিদ্যুৎসহ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, চলতি বাজেটে ২০৩১ সাল পর্যন্ত বৈদ্যুতিক মোটরসাইকেলের ওপর শুল্ক ও কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন ও পৌরসভার বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

শিক্ষকদের উদ্দেশে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে তারা লেখাপড়ায় আরও উৎসাহিত হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষা অর্জনের পর দেশের উন্নয়ন ও পুনর্গঠনে নিজেদের মেধা কাজে লাগাতে হবে। একই সঙ্গে কোনো ধরনের অপকর্ম বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় ১৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন যশোর জিলা স্কুলের ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়।

এম জি