চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এই স্বর্ণ জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। তিনি চট্টগ্রামের মিরসরাই এলাকার বাসিন্দা।
বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের ‘এফজেড-৪৬৩’ ফ্লাইটের ওই যাত্রী তার ব্যাগেজ নিয়ে কাস্টমস হলের গ্রিন চ্যানেল অতিক্রম করছিলেন। এসময় বিমানবন্দরে দায়িত্বরত গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই-এর প্রতিনিধি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করে।
পরে তাকে তল্লাশি করা হলে তার পায়জামার বেল্টের অংশ এবং আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২.১৬ কেজি স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৫৬ লাখ টাকা বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সাথে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার অপরাধে আটককৃত যাত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, যেকোনো ধরনের বৈদেশিক মুদ্রা পাচার রোধ এবং স্বর্ণ চোরাচালান প্রতিরোধে বিমানবন্দর গোয়েন্দা সংস্থাসমূহ, কাস্টমস ইন্টেলিজেন্স, বিমানবন্দর কাস্টমস এবং সর্বোপরি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সর্বোচ্চ নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন