মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে রাজশাহীতে র‍্যাব-৫ এর টাউন হল মিটিং

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৬:০১ পিএম
মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে রাজশাহীতে র‍্যাব-৫ এর টাউন হল মিটিং

মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, সীমান্তে চোরাচালানসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজশাহীতে টাউন হল মিটিংয়ের আয়োজন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন র‍্যাব-৫-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মাহমুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইব্রাহিম আলী, র‍্যাব-৫-এর মেজর মনজুরুল কবির পিয়ালসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে র‍্যাব-৫-এর পক্ষ থেকে মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, যুবসমাজের অপরাধে জড়িয়ে পড়ার কারণ ও প্রতিরোধ, সীমান্তে চোরাচালান, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ এবং ট্রাফিক ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক উপস্থাপনা করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে পরিচালিত সফল মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব-৫-এর সাফল্যও তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশিদ বলেন, র‍্যাব দেশের অন্যতম দক্ষ ও আস্থাভাজন বাহিনী। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে বাহিনীটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, র‍্যাব যে দায়িত্ব গ্রহণ করে, তা সফলভাবে বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেয়। এ কারণেই বাহিনীটির প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে র‍্যাবের চলমান অভিযান আরও জোরদার করতে হবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সক্রিয় অংশগ্রহণই অপরাধ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। এ লক্ষ্যেই র‍্যাব-৫ নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা র‍্যাব-৫ এর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি সমাজে অপরাধ প্রতিরোধে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

এম জি