সালথায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০৯:০০ পিএম
সালথায় শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

ফরিদপুরের সালথায় নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুল বাসার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর পুলিশ পাহারায় শওকত মিয়াকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত শওকত মিয়া ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ মে বিকেলে সালথা উপজেলার তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী বাড়ির পাশের শাকসবজির (ডাঁটা) ক্ষেত দেখতে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী শওকত মিয়া তাকে জোর করে পাশের একটি নির্জন পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।

‎ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সালথা থানায় শওকত মিয়াকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেন। ঘটনা তদন্ত শেষে ২০২০ সালের ৫ অক্টোবর সালথা থানা পুলিশ আসামি শওকত মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘ ছয় বছর পর আদালত এ রায় প্রদান করেন।

‎বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অর্চনা দাস বলেন, ‘এ রায়ের মাধ্যমে তার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। যা সমাজে অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে এবং শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম জি