‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, জেলা ইসলামী আন্দোলনের আমির আলমগীর হোসেন তালুকদার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সভাপতি খায়রুল কবির খোকন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
আলোচনা সভায় বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম জানান, চলতি বৃক্ষরোপণ অভিযানের আওতায় কিশোরগঞ্জ জেলায় ১৩ হাজার ৬৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, নির্ধারিত সময় পর্যন্ত চারাগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী পুরোনো গাছ অপসারণের পর নতুন চারা রোপণের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহের মাধ্যমে জীবন রক্ষার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানান, জিও-ট্যাগিং প্রযুক্তিনির্ভর একটি অ্যাপের মাধ্যমে কোথায় কোন গাছ রোপণ করা হয়েছে, তা সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, বৃক্ষরোপণ শুধু বন বিভাগের একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। তিনি বাড়ির আঙিনা, রাস্তার পাশে, রেললাইনের পাশসহ উপযুক্ত স্থানে গাছের চারা রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
এর আগে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বটতলা এলাকা থেকে শুরু হয়ে পুরাতন স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অতিথিরা বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন